শাওন চৌধুরী
বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ-৪ আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, নির্বাচন সামনে এলেই কিছু মানুষ গাড়ি নিয়ে এসে চা শ্রমিকদের মাঝে জিলাপি ও মিষ্টি বিতরণ করেন। কিন্তু নির্বাচনে পাস করার পর আর তাদের কোনো খোঁজখবর থাকে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আমি কথা দিচ্ছি—আমি যদি নির্বাচিত হই, তাহলে আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকব। আমি সেই ধরনের এমপি হবো না, যিনি শুধু জিলাপি আর মিষ্টি বিতরণ করে দায়িত্ব শেষ করেন।”
মুফতি গিয়াস উদ্দিন তাহেরী আরও বলেন, তিনি চান সত্যিকার অর্থেই চা শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হোক। শুধু আশ্বাস নয়, বাস্তব ও টেকসই উদ্যোগের মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।
স্থানীয় চা শ্রমিকদের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি তার প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেবেন এবং চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন।