টানা বৃষ্টিপাতের ফলে বন্যা ও একের পর এক ভূমিধসে প্রাণহানির খবর পাওয়া গিয়েছে দক্ষিণ-পূর্ব ব্রাজিলে, এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ আছেন ৪০ জনের অধিক মানুষ। জরুরি সেবা বিভাগের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে।স্বজনদের জন্য প্রতীক্ষার প্রহর গুণছেন অগণিত পরিবার।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুইজ ডি ফোরা শহরটি, এই শহরে ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। সোমবারা থেকে আরম্ভ হওয়া ভারি বৃষ্টির পর ক্রমাগত অবস্থার অবনতি ঘটতে থাকে । গতকাল (২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার) রেসকিউ টিম ধ্বংসস্তূপের মাঝে তল্লাশি চালান, তাদের সঙ্গে ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, যেগুলো ব্যবহৃত হয়েছে উদ্ধার তৎপরতার সহায়ক হিসাবে।
প্রিয়জনের আশায় উৎকণ্ঠিত দিন পার করছেন আত্মীয়-স্বজনরা। আকাশ থেকে ধারণকৃত এক ছবিতে দেখা যায় শহরের বিপুল এলাকা কাদা-পানির নীচে তলিয়ে গিয়েছে। সৃষ্টি হয়েছে প্লাবনের। রিও ডি জেনিরো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত জুইজ ডি ফোরা যেন এক চরম দুর্যোগের সম্মুখীন। আশ্রয়কেন্দ্রগুলোতে গৃহহীন মানুষগুলোকে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। —ছবি: সংগৃহীত