কটিয়াদীতে ভাতিজার টেঁটার আঘাতে চাচা নিহত ও তার ছেলে আহত।
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেটাঁর আঘাতে চাচা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে। তারা উভয়ই উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তি মাহমুদুর রহমান কামাল (৫৫) আচমিতা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও ইউপি সদস্য ছিলেন। টেটাঁবিদ্ধ তারই ছেলে কামাল(২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বারের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। বৃহস্পতিবার ২৯ শে জানুয়ারি দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তার ছেলে কাকনের হাতে টেটাঁ দিয়ে আঘাত করে তাতে দুজনই গুরুতর আহত হন।ঘটনার পরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শাহরিয়ার অনিক জানান টেটা বিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ও টেটা অপসারণ জন্য ঢাকা রেফার করি। পরিবারের লোকজন তাদেরকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেওয়ার পথে, মাহমুদুর রহমান কামাল মেম্বার মৃত্যুবরণ করেন। বর্তমানে তার ছেলে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান,নিহত কামাল মেম্বারের মেয়ে ইসরাত জাহান করবী বাদী হয়ে অভিযোগ দায়ের করে যার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জালাল উদ্দিন ও তার স্ত্রী শামসুন্নাহার কে পুলিশ আটক করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।