জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন একই গ্রামের রাজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে শর্টসার্কিট হয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে যায়।
পরিবারের সদস্যরা ওই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবার কোনো অভিযোগ না করায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
