সোমবার (৯ মার্চ) বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দিঘী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও ১৪ থেকে ১৫ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা সবাই উপজেলার হাজারিখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাহাব উদ্দিন এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
