Blog

  • প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

    প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

    জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং আছে বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর।

    এ সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।

    এনআইডি ডিজির তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে।

    এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি হয়েছে।

    এ এস এম হুমায়ুন কবীরের ভাষ্যমতে, সংসদ নির্বাচনে কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ৭৫ বা ৭৬ হাজার পেন্ডিং আবেদন ছিলো।

    এ কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। এই সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে।

    তিনি আরও বলেন, কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না। পর্যায়ক্রমে সকলের সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।

     

    সূত্র- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

  • বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুল রহমান

    বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুল রহমান

    সুশান্ত মালাকার
    দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধি:
    বগুড়া সদর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই ৪৯৬ জন উপকারভোগীর মাঝে এই কার্ড বিতরণ করা হয়।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি এলাকায় উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে এই কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল ১০টায় রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে গোপালবাড়ি এলাকার ৪৯৬ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়িয়ে মোট ৮৬৮ জনকে এই কর্মসূচির আওতায় আনা হবে।অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সঙ্গেই উপকারভোগীদের মোবাইল ফোনে আর্থিক সহায়তার টাকা পৌঁছে গেছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা,যাতে সমাজের সব শ্রেণির মানুষ উন্নয়নের সুফল পায়।তিনি আরও জানান,আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে প্রতিটি পরিবারের কাছে ২হাজার ৫০০টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব নেই বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, এই কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপকারভোগীরা যাতে নিয়মিত সুবিধা পান,সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
  • শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    মোঃ কাওসার আলী 
    শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
    “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সহকারী প্রোগ্রামার সফিকুল ইসলামসহ অন্যরা। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রদর্শনী ও মহড়া পরিবেশিত হয়।
  • দিনাজপুরের হিলিতে পৌর যুবদলের উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

    দিনাজপুরের হিলিতে পৌর যুবদলের উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

    মোঃ ওয়াজ কুরনী 
    দিনাজপুর হিলি প্রতিনিধি
    দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০ তম রমজানে গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
    আজ মঙ্গলবার বিকেলে হাকিমপুর পৌর যুবদলের উদ্যোগে শহরের চারমাথা মোড়ে প্রায় সাত’শ গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, অমিত চন্দ্র ধলু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, হাকিমপুর পৌর  যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন খান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাহুল কবির, যুবনেতা লিটন সরকার, মিঠুন সরকার, হারুন রশীদ, ছাত্রনেতা মাহরুফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    হাকিমপুর পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ ও সদস্য সচিব আলী মুর্তজা সরকার বলেন, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন মহোদয় এর পরামর্শে আজ পৌর শহরের চারমাথা মোড়ে গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর সহধর্মিণী মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দলের বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
  • ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জে

    ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জে

    মুন্সীগঞ্জে আজ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    আজ মঙ্গলবার সদর উপজেলার জুবলি রোড ও কালীবাড়ী এইদুই এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

    অভিযানকালে অস্বাস্থ্যকর, নোংরা ও খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির দায়ে জুবলি রোডের মন্ডল রেস্তোরার মালিক মো. জসিম মাদবরকে ৫ হাজার টাকা এবং কালিবাড়ী রোডের মধুবন মিষ্টির দোকানের ম্যানেজার সমীর ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. জামালউদ্দিন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নুর ই আলম সোহাগ প্রমুখ।

  • অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড 

    অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড 

    সারোয়ার নেওয়াজ শামীম,
    হবিগঞ্জ প্রতিনিধি:
    হবিগঞ্জের চুনারুঘাট এ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৬ নং সদর ইউনিয়নের গোলগাঁও এলাকায় পুরাতন  খোয়াই নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
    আটক ব্যক্তি মো. মিজান মিয়া (২৮)। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার খিল বামৈ মিরপুর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম কাজী নানু মিয়া।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোলগাঁও মরা খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
    অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।
    উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসন ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
    স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে অবৈধ বালু উত্তোলন অনেকটাই কমে আসবে এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা পাবে।
  • ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদ বাজার : ভর দুপুরেও ক্রেতাদের উপচেপড়া ভিড় 

    ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদ বাজার : ভর দুপুরেও ক্রেতাদের উপচেপড়া ভিড় 

    মোঃ শফিকুল ইসলাম দুলাল,
    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের আমেজে জমে উঠেছে ঈদের বাজার। প্রতিদিন শহরের মানুষদের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ক্রেতারা আসছেন মার্কেটে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১২ টা বা তার কিছুক্ষন পর সময় পর্যন্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিপনী বিতানগুলোতে। বিশেষ করে গার্মেন্টস (কাপড়ের দোকান) গুলোতে ভীড় বেশি। পাশাপাশি জুতা, কসমেটিকস, পাঞ্জাবি, প্যান্টের দোকানসহ বিভিন্ন পন্যের দোকানেও রয়েছে আলাদা ভিড়।
    সোমবার ভরদুপুরে পৌর শহরের নর্থ সার্কুলার রোডের ঘোমটা-২, সুপ্রিয় ফ্যাশন, শতরুপা, জ্যান্টস গ্যালারী, ল্যাটেস্ট কালেকশন, লক্সারি হাউজ, বাগদাদ ক্লথ স্টোর, মুবা বস্ত্রালয়, নাঈম গার্মেন্টস, ঘোমটাসহ গার্মেন্টস (কাপড়ের দোকান) এ গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়। সকাল ৯ টায় ক্রেতা সমাগম হতে শুরু হয়। বেশিরভাগ ক্রেতা গেঞ্জি, শার্ট, পাঞ্জাবী, বিভিন্ন ধরনের প্যান্ট, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, ওড়না, প্যান্ট পিস, শার্ট পিস ইত্যাদি বেশি কিনছেন। ঘোমটা-২ এ গিয়ে দেখা যায়, নারী-পুরুষের বেশ কয়েকটি দল সেখানে ভিড় করে কাপড় কিনছেন। দোকানদারের পক্ষ থেকে বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন।
    ঈদে বাচ্চাদের খুশি করতে মার্কেটে আসা পৌর শহরের টিকাপাড়া মহল্লার গৃহিণী ডলি বলেন, মেয়ের জামা-কাপড়, জুতা কিনতে এসেছি। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও আগে ভাগেই এসেছি, দাম কম পাওয়ার আশায়। মেয়ের জন্য ভালো থ্রি-পিস ও জুতা কিনবেন এবং বেশ কয়েকটি দোকানে ঘুরে পছন্দের জামা ও জুতা কিনেছেন বলে জানান তিনি।
    ঘোমটা-২ এ কাপড় কিনতে আসা ক্রেতা পৌর শহরের শাহ্পাড়া মহল্লার জেসমিন আক্তার জানান, বিভিন্ন জিনিসের দামের সাথে সাথেও কাপড়ের দাম কিছুটা বেড়েছে। পাশ্ববর্তী দিনাজপুর জেলায় সাথে ঠাকুরগাঁও জেলার কাপড়ের দামের ব্যবধান কিছুটা বেশি।
    নর্থ সার্কুলার সড়কের ঘোমটা-২ এ কথা হয় দোকানের কর্মকর্তা জনির সাথে। জনি জানায়, দিন যত বাড়ছে ক্রেতার সমাগম তত বাড়ছে। অনেকেই পণ্যের দাম কিছুটা সস্তায় পাওয়ার আশায় আগে-ভাগেই মার্কেটে আসছেন। ক্রেতাদের পক্ষ থেকে দাম বেশির ব্যাপারে তিনি জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন পোশাকে দাম সামান্য বেশি মনে হতে পারে। তবে ক্রেতা সমাগম ঘটছে প্রচুর। এ বছর বিভিন্ন নামি-দামি থ্রি-পিস, লেহেঙ্গা বিক্রি বেশি। পাশাপাশি দেখছি নারীদের শাড়ি ও ছেলেদের পাঞ্জাবীসহ বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে বেশি। তবে এবারে একটি বিষয় লক্ষ্যণীয় থাকছে সেটি হলো ক্রেতারা ম্যাচিং আইটেম কিনছেন বেশি।
    জনি আরও জানায়, মেয়েদের বেশিরভাগ কাপড় ক্রেতারা ম্যাচিং করে কিনছেন। ওড়না ২৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ বছর নতুন কালেকশনের মধ্যে রয়েছে কাটা থ্রি-পিস, সারারা-কারারা, আনারকলি, জিমিচু, সাদাবাহার, গুলবাহার, রাখি, পাকিস্তানি বোরিং কাজ করা থ্রি-পিস, লেহেঙ্গা। এর সাথে গত বছরের কিছু কালেকশন যেমন অর্গেঞ্জা, জর্জেট, জিনন, হোয়াইট গোল্ডের মধ্যে নতুন বিভিন্ন কাপড়, সুতি পাকিস্তানি হালকা কাজের মধ্যে, সিল্ক কাপড়ের পাকিস্তানি, কাতান, জারারা, গাউন, লাহিঙ্গা, ডালিসহ বিভিন্ন নামী-বেনামী পোষাকও বিক্রি হচ্ছে প্রচুর। পাশাপাশি বাচ্চাদের কাপড়-চোপড়ও বিক্রি হতে দেখা যায় প্রচুর। যত দিন যাবে এ ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন ব্যবসায়ীরা।
  • ফটিকছড়িতে বেপরোয়া বাসের ধাক্কা: মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ৩, আহত অন্তত ১৫

    ফটিকছড়িতে বেপরোয়া বাসের ধাক্কা: মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ৩, আহত অন্তত ১৫

    শামশুল আরেফিন আরিফ
    ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি:

    ‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে বেপরোয়া গতির একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

    ‎সোমবার (৯ মার্চ) বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দিঘী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    ‎প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও ১৪ থেকে ১৫ জন গুরুতর আহত হন।

    ‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ‎প্রত্যক্ষদর্শীদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    ‎নিহতরা সবাই উপজেলার হাজারিখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

    ‎ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাহাব উদ্দিন এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • লাকসামে মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই : ১০ লাখ টাকার ক্ষতিসাধন

    লাকসামে মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই : ১০ লাখ টাকার ক্ষতিসাধন

    লাকসাম ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত মাদ্রাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

    ছালেহীয়া ও আলিয়া দীনিয়া মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার পাশে মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। এসময় হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসায় ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। পরে সবাই বেরিয়ে এসে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংবাদ দেন।
    সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততোক্ষণে আগুনে মাদ্রাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
    মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ঈদের জন্য কেনা তাদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, এই অগ্নিকাণ্ডের ফলে নগদ অর্থ, আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে মাদ্রাসার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।তিনি বলেন, বিশেষ করে ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় বেশি কষ্ট লাগছে।লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ফায়ার ফাইটারগণ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
  • শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    মো: কায়সার উদ্দিন,
    সিনিয়র স্টাফ রিপোর্টার:

    শেরপুরের নকলা উপজেলার পৌরশহরের মমিনাকান্দা এলাকায় ডোবার পানি সেঁচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে ওই ঘটনা ঘটে। মৃত বোরহান উদ্দিন ওই এলাকার আব্দুল বারেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের নকলা উপজেলার পৌরশহরের মমিনাকান্দা এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বোরহান উদ্দিন বাড়ির পাশের ডোবার পানি সেঁচে দেশীয় প্রজাতির মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে স্পর্শে আগেই ডোবার পানি বিদ্যুৎতায়িত হয়ে থাকা ডোবার

    পানিতে নামলে বোরহান উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বোরহান উদ্দিনের
    আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এ ব্যাপারে জানান, বিদ্যুৎস্পৃষ্টে বোরহান উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর খবর
    পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার সুরতহাল সম্পন্ন করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে আবেদন করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে বিনাময়না তদন্তে দাফনের জন্য বোরহান উদ্দিনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।