Blog

  • দুমকীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত নারীসহ-৫

    দুমকীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত নারীসহ-৫

    মোঃ সজিব সরদার
    বিশেষ প্রতিনিধি:

    পটুয়াখালীর দুমকীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

    ‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে ফিরোজ আলম শাওন ও তার বাবা ছিদ্দীকুর রহমানসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে প্রতিপক্ষের উপর হামলা চালায়।

    ‎হামলায় আহতরা হলেন—সাফিয়া বেগম (৫০), সোহরাফ হোসেন (৬৫), মো. মুছা (২৬), নজরুল ইসলাম (২৭) ও আবুয়াল হোসেন (৬৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

    ‎হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সাফিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

    ‎অপর চারজন দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

    ‎‎এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত ফিরোজ আলম শাওন ও তার বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    ‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

  • শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. কেরামত আলী

    শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. কেরামত আলী

    মোঃ রকিব উদ্দীন 
    স্টাফ রিপোর্টার 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী । ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে শাখা সেক্রেটারি আব্দুর রউফ এর সভাপতিত্বে ও নায়েবে আমীর এম. এ. আযীয মাহমুদ এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী । এসময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শিবগঞ্জ বাজারের রাস্তাসহ বিভিন্ন প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করে দেন । উদ্বোধনকালে প্রধান অতিথি ড. কেরামত আলী বলেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও রাখার প্রয়োজনীয়তা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত । এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী । অতএব নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা । জামায়াতে ইসলামীর এই কার্যক্রম কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১৫ টি ইউনিয়নেও এই কার্যক্রম বাস্তবায়ন হবে এবং মাঝে মধ্যেই এই কার্যক্রম চালানো হবে । তবে সংসদ সদস্য হিসেবে এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিবগঞ্জ উপজেলার  সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন । এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা । উল্লেখ্য, নির্বাচনের আগেও শিবগঞ্জ পৌরসভা সহ সকল ইউনিয়নে এই কাজ পরিচালনা করেছিলেন ড. কেরামত আলী । নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই আবারো পরিচ্ছন্নতার এই কাজ অব্যহত রেখে প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় শিবগঞ্জ উপজেলাবাসীর প্রশংসায় ভাবছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী ।

  • চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ

    মোঃ রকিব উদ্দীন 
    স্টাফ রিপোর্টার 

    ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করছেন। বুধবার (২৫ফেব্রুয়ারি) সকাল ১০টা  তিনি নিজ বাসভবন থেকে এ গণসংযোগ সফর শুরু করেন।

    দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ গ্রহণ হিসাবে  তিনি বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি হয়ে পর্যায়ক্রমে চাকটোলা,একবরপুর,বিনোদপুর খাসেরহাট বাজার ,পাঁকাটোলা,চাঁদশিকারি,

    রসুনচক,ক্যাপড়াটোলা,মোকারমটোলা,বিশ্বনাথপুর,কিরন গঞ্জ,জমিনপুর,ছিয়াত্তরবিঘি,বাবলাবোনা,টাপ্পু,

    এলাকায় গণসংযোগ করেন।

    গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি জনগণের নিকট থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া মনোযোগসহকারে শোনেন।

    সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।  জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবেন।

    তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির হিসাবে বিনোদপুর ইউনিয়ন শেষ করে দুপুরে শাহাবাজপুর ইউনিযনে যান  মাননীয় সংসদ সদস্য।

  • হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মুলে ইউপি চেয়ারম্যান আটক

    হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মুলে ইউপি চেয়ারম্যান আটক

    দিনাজপুর হিলি প্রতিনিধি 
    মোঃ ওয়াজ কুরনী 
    দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় ওয়ারেন্ট মুলে ইউপি চেয়ারম্যান কাওসার রহমান (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    বুধবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ কাওসার রহমান কে আটক করেছে পুলিশ।
    বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
    গ্রেফতারকৃত কাওসার রহমান (৪৫) হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান কাওসার রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তবে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচন করে নির্বাচিত হলেও দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
    গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থী সূর্যের ভাই। হাকিমপুর থানার মামলা নং ০৭।
    উক্ত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা এবং আমি ওসি মোঃ জাকির হোসেনের পরামর্শে মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল দুপুর আড়াইটার দিকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে মামলার এজাহার ভূক্ত আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমান কে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
    উল্লেখঃ গত ৫ আগষ্টের পরে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহার ভূক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন এবং প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতের আদেশ নিয়ে কাওসার রহমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
  • বগুড়া দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই 

    বগুড়া দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই 

    সুশান্ত মালাকার
    দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি:
    বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ(৫৬) নামের এক ব্যক্তিকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃৃত্তরা। নিহত মোজাম উপজেলার জিয়ানগর ইউপির ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। ২৪ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে এই ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোজাম প্রতিদিনের ন্যায় তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বিকেলে যাত্রী বহন করতে বাড়ি থেকে বের হন। ঘটনারদিন রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার ব্যাটারি চালিত অটোভ্যানটি নিয়ে যায়। বুধবার ২৫ ফেব্রুয়ারি সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে  মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।
  • টেকনাফে পৌরসভা নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা চার  পদপ্রার্থীর  মাঝে লড়াই চলবে।

    টেকনাফে পৌরসভা নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা চার  পদপ্রার্থীর  মাঝে লড়াই চলবে।

    নুরুল আলম
    টেকনাফ সংবাদদাতা
    টেকনাফ পৌরসভা নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা চার প্রার্থীকে ঘিরে স্থানীয় রাজনীতি বেশ সরগরম। নিচে সংক্ষেপে তাঁদের পরিচিতি ও আলোচনার কারণ তুলে ধরা হলো—
     মোহাম্মদ  ইসমাইল
    স্থানীয়ভাবে দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয়। তৃণমূল পর্যায়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
    তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রচারণা কৌশল নিয়ে আলোচনা বেশি।
    আব্দু শুক্কুর সিআই পি 
    অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পূর্বে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জনপ্রিয়তা পেয়েছেন। প্রবীণ ভোটারদের একটি অংশ তাঁর পক্ষে সক্রিয় বলে জানা যায়।
    এনামুল হাছান সাবেক ভারপ্রাপ্ত মেয়র
    তুলনামূলকভাবে নতুন মুখ হলেও দ্রুত আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।
    পরিবর্তনের বার্তা দিয়ে তরুণ ও প্রথমবারের ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন।
     আবদুর রহমান
    স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে পরিচিত মুখ। উন্নয়ন ও অবকাঠামো উন্নতির প্রতিশ্রুতি তাঁর প্রচারণার মূল ফোকাস। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি চালাচ্ছেন।
  • ব্রাজিলের ভারী বর্ষণ ও বন্যায় প্রাণহানি

    ব্রাজিলের ভারী বর্ষণ ও বন্যায় প্রাণহানি

    টানা বৃষ্টিপাতের ফলে বন্যা ও একের পর এক ভূমিধসে প্রাণহানির খবর পাওয়া গিয়েছে দক্ষিণ-পূর্ব ব্রাজিলে, এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ আছেন ৪০ জনের অধিক মানুষ। জরুরি সেবা বিভাগের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে।স্বজনদের জন্য প্রতীক্ষার প্রহর গুণছেন অগণিত পরিবার।

    এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুইজ ডি ফোরা শহরটি, এই শহরে ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। সোমবারা থেকে আরম্ভ হওয়া ভারি বৃষ্টির পর ক্রমাগত অবস্থার অবনতি ঘটতে থাকে । গতকাল (২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার) রেসকিউ টিম ধ্বংসস্তূপের মাঝে তল্লাশি চালান, তাদের সঙ্গে ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, যেগুলো ব্যবহৃত হয়েছে উদ্ধার তৎপরতার সহায়ক হিসাবে।

    প্রিয়জনের আশায় উৎকণ্ঠিত দিন পার করছেন আত্মীয়-স্বজনরা। আকাশ থেকে ধারণকৃত এক ছবিতে দেখা যায় শহরের বিপুল এলাকা কাদা-পানির নীচে তলিয়ে গিয়েছে। সৃষ্টি হয়েছে প্লাবনের। রিও ডি জেনিরো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত জুইজ ডি ফোরা যেন এক চরম দুর্যোগের সম্মুখীন। আশ্রয়কেন্দ্রগুলোতে গৃহহীন মানুষগুলোকে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে।    —ছবি: সংগৃহীত

  • নেত্রকোনার বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে কৃষি ব্যাংক কর্মকর্তাদের হয়রানি

    নেত্রকোনার বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে কৃষি ব্যাংক কর্মকর্তাদের হয়রানি

    সোহেল খান দূর্জয়,
    নেত্রকোনা : 

    নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, মামলার বাদীর নিজের দেওয়া সাক্ষীরাই এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। একইসাথে ব্যাংক কর্মকর্তাদের দাবি, নিয়মবহির্ভূতভাবে ঋণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহক মিথ্যা ও সাজানো মামলাটি দায়ের করেছেন। এ মামলার বাদী আলপনা মৎস্য ও গরু মোটাতাজাকরণ মিশ্র খামারের উদ্যোক্তা বারহাট্টার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামের মৃত আ. রশিদের ছেলে কামাল তালুকদার (৬০)। আদালতে দায়ের করা অভিযোগপত্র থেকে জানা যায়, কৃষি ব্যাংক বারহাট্টা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে ১নং এবং একই শাখার মূখ্য কর্মকর্তা আল বারী উল মোসাব্বেরকে ২নং আসামি করা হয়েছে।

    মামলায় বাদীর অভিযোগ, তার খামারের ঋণ বাড়িয়ে ৫০ লাখ টাকা করার জন্য আসামিরা তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে গরু বিক্রি করে সেই টাকা দিলেও তাকে ঋণ দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। মামলার এজাহারে পাঁচজনকে সাক্ষী হিসেবে দেখানো হলেও, তাদের মধ্যে অন্যতম প্রথম দুজন সাক্ষী এ ঘটনার বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন। মামলার এক নম্বর সাক্ষী ডেমুরা গ্রামের মো. বাবুল মিয়া জানান, তিনি এই মামলার বিষয়ে কিছুই জানেন না এবং সাক্ষী হওয়ার বিষয়টি মামলার আগে জানানো হয়নি। একইভাবে মামলার দ্বিতীয় সাক্ষী শফিকুল ইসলামও জানান, আসামিদের সাথে বাদীর কোনো লেনদেন তার সামনে হয়নি এবং তিনি এই বিষয়ে অবগত নন।বিষয়টি নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের বারহাট্টা শাখার মূখ্য কর্মকর্তা আল বারী উল মোসাব্বের এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সাথে কথা বললে তারা মামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

    সরেজমিনে ব্যাংক কর্মকর্তাদ্বয়ের দেখানো ব্যাংক স্টেটমেন্ট, খেলাপি ঋণ পরিশোধের একাধিক চিঠি ও ঋণের পরিশোধের জন্য উকিল নোটিশ এসকল পত্রাদি মামলা দায়েরের অনেক আগেই চলতি ও গত বছরের বিভিন্ন তারিখে বাদীকে প্রেরণ করার সত্যতা পাওয়া গেছে। ব্যাংকের ওই দুজন কর্মকর্তা প্রতিবেদককে জানান, কামাল তালুকদারের ‘আলপনা মৎস্য খামার’ নামে একটি প্রকল্পের বিপরীতে ২০২৩ সালে সাত লাখ টাকার একটি ঋণ ছিল, যার মেয়াদ শেষ হয়ে যায়। সেই ঋণ পরিশোধ না করে তিনি নতুন করে ৫০ লাখ টাকার ঋণের আবেদন করেন। কিন্তু তার বন্ধকী সম্পত্তির সর্বোচ্চ ঋণসীমা (এমসিএল) আসে মাত্র ১২ লাখ টাকা। মামলা দায়েরের পূর্বেই গ্রাহকের অতীত ট্র্যাক রেকর্ড ভালো না হওয়া এবং প্রকল্পটির এতো বড় ঋণের জন্য ফিজিবল (গ্রহণযোগ্যতা) না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (জিএম অফিস) কাছে বাদীর ঋণসীমা নবায়ন ও বর্ধিতকরণে প্রতিবন্ধকতার বিষয়টিও অবগত করা হয় এবং ব্যাংক থেকে নিয়ম অনুযায়ী তাকে একাধিকবার ঋণ পরিশোধ চিঠিসহ লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল।

    ব্যাংক কর্মকর্তাদের দাবি, অন্যায়ভাবে বিশাল অংকের ঋণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে এবং ব্যাংককে চাপে রাখতেই বাদী উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন ধরনের কাল্পনিক ঘুষের গল্প সাজিয়ে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন বাদী। এ বিষয়ে মামলার বাদী কামাল তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সাক্ষীদের অজ্ঞতার বিষয়টি সামনে আনলে তিনি প্রতিবেদককে বলেন, “যারা সাক্ষী, তারা জানে কি জানে না, সেটা সাক্ষ্য দেওয়ার ব্যাপার। যখন সাক্ষীর সময় হবে, তখন আমি সাক্ষী হাজির করব। আপনি কি সাক্ষীর আগেই সাক্ষী নিতে চাচ্ছেন?” ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি (কামাল তালুকদার) বলেন, “আমার যা বলার এজাহারে লেখা আছে। আদালত যা সিদ্ধান্ত দেওয়ার দেবেন।” ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি প্রতিবেদককে সরাসরি দেখা করার কথা বলেই সংযোগ কেটে দেন। মামলাটির বিষয়ে জানতে পিবিআই-এর পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মামলার নথিপত্র হাতে পেয়েছি এবং একজন ভালো অফিসারের কাছে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন করেই আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান তিনি।

  • বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি), যশোর ব্যাটালিয়ন-এর বড় সাফল্য– ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা মূল্যের স্বর্ণসহ ১ জন আটক!

    বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি), যশোর ব্যাটালিয়ন-এর বড় সাফল্য– ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা মূল্যের স্বর্ণসহ ১ জন আটক!

    মাসুদ রানা
    স্টাফ রিপোর্টার  
    যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গো’প’ন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী থানাধীন দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৫৮২ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বার, ০২টি মোবাইল ও নগদ ১০,৬৯০ টাকা সহ ১ জন আসামীকে আ’ট’ক করেছে।
     উদ্ধারকৃত মালামালঃ স্বর্ণের বার (৫৮২ গ্রাম) – ১,৩০,২৫,১৬০/- টাকা
     ০২টি মোবাইল – ২১,৫০০/- টাকা
     নগদ – ১০,৬৯০/- টাকা
     সর্বমোট সি’জার মূল্য: ১,৩০,৫৭,৩৫০/- টাকা
    আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
    যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
    আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
    সীমান্ত সুরক্ষায় সর্বদা সতর্ক ও দৃঢ়—বিজিবি|
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসাবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

    আজ (২৫ ফেব্রুয়ারি, বুধবার) অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে এই তথ্য।

    মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন মোস্তাকুর রহমান।